
সার্চ ইঞ্জিন গুগল এবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে ডিজিটাল ওয়ালেট ‘অ্যান্ড্রয়েড পে’। গুগল ওয়ালেটের জায়গায় এখন থেকে একই সুবিধা পাওয়া যাবে ‘অ্যান্ড্রয়েড পে’র সাহায্যে।
অর্থ পরিশোধ থেকে শুরু করে কেনাকাটার জন্যও সাধারণ ব্যবহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড পে ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যে গুগল ওয়ালেট অ্যাপের পরিবর্তে অ্যান্ড্রয়েড পে অ্যাপটি প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আগে যাঁরা গুগল ওয়ালেট ব্যবহার করতেন, তাঁরা নতুন হালনাগাদেই পাবেন অ্যান্ড্রয়েড পে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ব্যাংকই অ্যান্ড্রয়েড পে সমর্থন করছে। আগের গুগল ওয়ালেট অনেক ব্যাংক সমর্থন না করলেও নতুন নামের ওয়ালেটে প্রায় সব ব্যাংকের গ্রাহকই সেবাটি ব্যবহার করতে পারবেন।
লেনদেনের বিষয়টি সহজ করতে ২০১১ সালে চালু হয় গুগল ওয়ালেট। পরে আরও উন্নত সুবিধা যোগ করে চলতি বছর গুগল ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন গুগল আইও-তে নতুনভাবে আরও সুবিধাযুক্ত অ্যান্ড্রয়েড পে চালুর ঘোষণা দেওয়া হয়। আগের চেয়ে এর নিরাপত্তাও বেড়েছে জানিয়ে অ্যান্ড্রয়েড পের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক পলি ভাট বলেন, আমরা বিশ্বাস করি, গ্রাহকদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্যাদির নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ভার্চুয়াল এ অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি, যাতে গ্রাহকদের সব ধরনের তথ্যাদি নিরাপদ থাকে। অ্যান্ড্রয়েড পে ব্যবহার করে গ্রাহকেরা নির্দিষ্ট দোকান থেকে কেনাকাটা করতে পারেব নিজের স্মার্টফোন দিয়েই। কেনাকাটা ও লেনদেনের বিষয়টিকে আরও সহজে করতেই এমন উদ্যোগ নির্মাতাদের। অ্যান্ড্রয়েড পে সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.android.com/pay ঠিকানায়।
অ্যান্ড্রয়েড ব্লগ ও অ্যান্ড্রয়েড ডট কম অবলম্বনে ।